লেবাননে রাতভর ইসরায়েলি বিমান হামলায় ১০ জন নিহত: সিএনএন
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ জানিয়েছে, লেবাননে রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। আজ সোমবার (৬ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ বৈরুতের জানাহ এলাকায় এক হামলায় ১৫ বছর বয়সী এক কিশোরসহ পাঁচজন নিহত হয়েছেন।
শহরের উত্তর-পূর্বে আইন সাদে এলাকায় আরেকটি হামলায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া, বৈরুতের দক্ষিণে টুল এলাকায় এক বিমান হামলায় এক দম্পতি নিহত এবং তাদের ৯ ও ১৫ বছর বয়সী দুই সন্তান আহত হয়েছে। আজ এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, লেবাননে বেসামরিক স্থাপনার আড়ালে লুকিয়ে রাখা রকেট লঞ্চার এবং অস্ত্রের ডিপোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
মার্চের শুরু থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হামলা ও স্থল অভিযানে মৃতের সংখ্যা ১,৪৬১ জনে পৌঁছেছে। অন্যদিকে, হিজবুল্লাহ রকেট হামলা অব্যাহত রেখেছে। তারা দাবি করেছে যে, গতকাল রবিবার তারা দুই ডজনেরও বেশি এবং আজ অন্তত চারটি হামলা চালিয়েছে।
এদিকে, গত শুক্রবার পর্যন্ত লেবাননের ৮০টিরও বেশি শহর ও গ্রাম প্রায় সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশের ১৫ শতাংশেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই উত্তেজনার মধ্যে, ক্ষমতাসীন লিকুদ দলের সদস্যসহ ১৮ জন কট্টর-ডানপন্থী ইসরায়েলি আইনপ্রণেতা গতকাল সীমান্ত বরাবর লেবাননের গ্রামগুলো ধ্বংস এবং সেখানকার বাসিন্দাদের উচ্ছেদের আহ্বান জানিয়েছেন।

