ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৭০ জন নিখোঁজ, বাংলাদেশিসহ ৩২ জন উদ্ধার
ইউরোপগামী লিবিয়ার উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৭০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। একজন বাংলাদেশিসহ ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং দুটি মৃতদেহ পাওয়া গেছে। ইতালীয় কোস্টগার্ডের মুখপাত্র রবার্তো ডি’আরিগো বলেছেন, উদ্ধারকৃতরা পাকিস্তান, বাংলাদেশ ও মিশরের নাগরিক।
জার্মান উদ্ধারকারী সংস্থা সি ওয়াচ জানিয়েছে, গত শনিবার তাদের বিমান ভূমধ্যসাগরের কেন্দ্রে একটি বিপন্ন নৌকা দেখতে পায়। পরে সেখানে একটি উল্টে যাওয়া কাঠের নৌকা দেখা যায়, যেখানে কিছু লোক নৌকাটি আঁকড়ে ধরেছিল এবং অন্যরা পানিতে ভাসছিল।
ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) অনুসারে, নৌকাটি লিবিয়ার তাজোরা বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। এতে ১০০ জনেরও বেশি যাত্রী ছিলেন। প্রতিকূল আবহাওয়া এবং উঁচু ঢেউয়ের কারণে যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই নৌকাটিতে পানি ঢুকে যায় এবং অবশেষে এটি ডুবে যায়।
উদ্ধারকৃতদের দক্ষিণ ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসা-তে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য যে, এই বছর মধ্য ভূমধ্যসাগরীয় অঞ্চলে শত শত অভিবাসী নিখোঁজ হয়েছেন, যা এই পথের নাজুক পরিস্থিতিকে আবারও সামনে এনেছে।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস
