জাতিসংঘে চীন-রাশিয়ার সমর্থন চেয়েছে ইরান

Untitled_design_47_1200x630

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘে দৃঢ় অবস্থান নিতে চীন ও রাশিয়াকে আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থে নিরাপত্তা পরিষদকে ব্যবহার করছে এবং এটি বন্ধ করা প্রয়োজন। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে এক ফোনালাপে আরাঘচি আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক হামলার পরিণতি নিয়ে আলোচনা করেন।
আলোচনার সময় ওয়াং ই চীনা সরকারের পক্ষ থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার নিন্দা জানান। একই সঙ্গে তিনি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক সচিব আলী লারিজানির হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেন। তিনি তাকে একজন দেশপ্রেমিক ও প্রভাবশালী নেতা হিসেবেও অভিহিত করেন।
মধ্যপ্রাচ্য সংকট প্রসঙ্গে আরাঘচি বলেন, বর্তমান আঞ্চলিক সংকটের মূল কারণ হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন। ইরান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়ভাবে প্রতিরোধ চালিয়ে যাবে। হরমুজ প্রণালী প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা সমগ্র অঞ্চলের পরিস্থিতির সাথে জড়িত। তিনি দাবি করেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে।
আরাঘচি আরও বলেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। তবে, অন্যান্য দেশের জাহাজ চলাচল ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং প্রকৃত আগ্রাসনকারীদের জবাবদিহি করার পরিবর্তে ইরানের সমালোচনা করছে। এই পরিস্থিতিতে তিনি চীন ও রাশিয়াসহ সদস্য রাষ্ট্রগুলোকে একটি দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। জবাবে ওয়াং ই বলেন যে, চীন আন্তর্জাতিক আইন ও কূটনীতিকে সম্মান করে বিরোধ নিষ্পত্তির পক্ষে এবং একতরফা আধিপত্যবাদী আচরণের বিরোধিতা করে।

Description of image