ট্রাম্পের ‘শান্তি আলোচনা’কে ভুয়া খবর বলল তেহরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সঙ্গে একটি বৃহত্তর চুক্তিতে পৌঁছানো যায় কিনা তা খতিয়ে দেখতে আলোচনা চলছে। তবে, আল জাজিরা জানিয়েছে যে, তেহরান সরাসরি এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা এটিকে ‘ভুয়া খবর’ বলে দাবি করেছে।
ইরানের সংসদের স্পিকার বলেছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভুল। আন্তর্জাতিক আর্থিক ও তেল বাজারকে প্রভাবিত করার জন্য এটি ছড়ানো হচ্ছে। এদিকে, ট্রাম্প যখন ঘোষণা করেন যে, ইরানের বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করা হবে, তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১১ শতাংশ কমে যায়।
তবে, আলোচনার দাবি সত্ত্বেও বাস্তবে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে, তাদের বাহিনী এখনও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে জোরেশোরে হামলা চালাচ্ছে।

