ফেব্রুয়ারি 27, 2026

কবিরহাটে বাবার মৃত্যুর ৬ দিন পর ছেলের মৃত্যু

Untitled_design_-_2026-02-26T144109.215_1200x630

নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরির চাপায় নিহত সার ব্যবসায়ী সফিকুর রহমানের ৬ দিন পর মারা গেছেন তার ছোট ছেলে সাইদুর রহমান (২০)। কয়েক দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাইদুর রহমান মারা যান। এর আগে, গত শুক্রবার সকালে সোনাপুর থেকে কবিরহাটগামী একটি তেলের ট্রাক ট্রান্সমিটার এলাকায় পৌঁছানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সার ব্যবসায়ী শফিকুর রহমান (৬০) নিহত হন। এ সময় তার দুই ছেলে গুরুতর আহত হন।
জানা গেছে যে নিহত সাইদুর রহমান নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় রামদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি নোয়াখালী সরকারি কলেজের অনার্সের ছাত্র এবং ছাত্রদলের কর্মী ছিলেন।
কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজ রহমান মঞ্জুজানন জানান, দুর্ঘটনার পর আহত দুই ছেলেকে প্রথমে মাইজদী হাসপাতালে ভর্তি করা হয়। পরে সাইদুরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়। ছয় দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজামুল উদ্দিন ভূঁইয়া বলেন, “আমরা সকাল ১১টার দিকে সাইদুরের মৃত্যুর খবর জানতে পারি। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। ট্রাক চালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং লরিটি থানায় জব্দ করা হয়েছে।”

Description of image