মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ১ জন নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেটের দখল আটকাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বালাসুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহতের নাম আলমগীর (৫০)। তিনি বালাসুর এলাকার বাসিন্দা। আহতরা হলেন তমিজ উদ্দিন (৬৫), জাহাঙ্গীর (৫৫), তারেক (৩৫), তানসেল (২২), তুষার (২৪), আব্দুর রহমান (২৩) এবং আরও কয়েকজন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানিয়েছেন, হান্নান হাজী গং, মানিক ডাকাত এবং তাপস নামে কয়েকজন জমির কিছু উত্তরাধিকারীর মালিকানা দাবি করে আদালতে মামলা করেছেন। মামলায় ব্যর্থ হওয়ার পর তারা রাতের অন্ধকারে সন্ত্রাসী বাহিনী দিয়ে জায়গাটি দখলের চেষ্টা করে।
আজ সকালে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মাণাধীন বাজার দখলের চেষ্টা করলে আলমগীর প্রতিরোধ করেন। এ সময় প্রতিপক্ষ বাহিনী তাকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে। প্রতিরোধ করার চেষ্টা করলে আরও বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আলমগীরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু প্রতিপক্ষ বাহিনী হাসপাতালের গেটে তাকে আবারও মারধর করে। গুরুতর অবস্থায় তাকে মিডফোর্ডে রেফার করা হয়। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা অভিযোগ পেয়েছি এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

