খিলগাঁওয়ে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় অটো চালক নিহত
রাজধানীর খিলগাঁও মেরাদিয়া এলাকায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় মো. শাহীন (৪৮) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১২:১৫ টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মেরাদিয়ায় সাফিয়া কার সেন্টারের বিপরীতে প্রধান সড়কে শাহীন অটোরিকশা চালাচ্ছিলেন। সেই সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার অটোরিকশাটিকে জোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
খিলগাঁও থানার এসআই অনয় চন্দ্র পাল আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত ১২:১৫ টার দিকে মেরাদিয়া প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশা চালক মো. শাহীন ঘটনাস্থলেই মারা যান। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং এর চালক পুলিশ হেফাজতে রয়েছে।
নিহত মো. শাহীন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতক গ্রামের মো. আলাউদ্দিন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর মেরাদিয়া পুরবাড়ী এলাকায় পরিবারের সাথে ভাড়া বাড়িতে বসবাস করছিলেন।

