হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা
জামায়াত-৪ দেবিদ্বার সংসদীয় আসনের প্রার্থী এবং এনসিপির প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণার ব্যানারে আগুন লাগানো হয়েছে। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার খৈয়ার এলাকায় এই ঘটনা ঘটে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, ব্যানার পোড়ানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খৈয়ার-বুড়িপাড় সড়কের গাংপার ব্রিজ সংলগ্ন রাস্তায় ঝুলানো হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী শাপলাকলী প্রতীকের কিছু ব্যানারে আগুন লাগিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ছাড়া একই সময়ে আরও কয়েকটি স্থানে হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রকিবুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের অবহিত করা হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করার জন্য তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা আমাদের বেশ কয়েকটি নির্বাচনী ব্যানার পুড়িয়ে দিয়েছে। এই ঘটনায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান আমাদেরকে বলেন, খৈয়ার এলাকায় হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন লাগানো হয়েছে। তথ্য পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

