দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না: দুদক চেয়ারম্যান

Untitled_design_-_2025-12-09T110657.656_1200x630

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, ‘ভোটাররা যদি দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেন, তাহলে দেশে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। তাহলে দুদকের আর প্রয়োজন থাকবে না।’
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। দুদক চেয়ারম্যান বলেন, সমাজের প্রতিটি কোণায় দুর্নীতি এমনভাবে ছড়িয়ে পড়েছে যে তা সম্পূর্ণরূপে নির্মূল করা কঠিন। এই পরিস্থিতিতে তিনি তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
আব্দুল মোমেন বলেন, ‘মনে হচ্ছে দুর্নীতিবাজদের প্রতিদিনই উৎসব। কিন্তু দুর্নীতিবিরোধী কর্মীদের মাত্র একদিনের উদ্যোগে তাদের লাগাম টানা সম্ভব।’ এর আগে সকালে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে দুদকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অংশগ্রহণে দুর্নীতিবিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুদক কমিশনার মিয়া মুহাম্মদ আলী আকবর আজিজি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, দুদকের মহাপরিচালক গন, রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (আরএসি) সভাপতি আলাউদ্দিন আরিফ, সাধারণ সম্পাদক তাবারুল হক এবং বিভিন্ন সরকারি বিভাগ ও অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Description of image