চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

Untitled design - 2025-09-15T131137.862

ফেনীর সদর উপজেলার মোটবীতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত মনসুর আহমেদ (৪০) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের কাজির ঘাটলা গ্রামের সুলতান আহমেদের ছেলে। গত রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে ইউনিয়নের লস্করহাট মধ্যম লক্ষীপুর গ্রামের কবিরের বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসী এবং ফেনী মডেল থানা সূত্রে জানা গেছে যে, তারা গভীর রাতে মোটবীর মধ্যম লক্ষীপুর গ্রামে কবিরের অটোরিকশা গ্যারেজে এক অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পেয়ে তাকে আটক করে। চোর সন্দেহে স্থানীয়রা তাকে মারধর করে পাশের জমিতে ফেলে দেয়। ভোরে ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস আমাদেরকে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবার অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Description of image