জামিনে মুক্তির পর আবার শেরপুর জেলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Untitled design - 2025-09-10T121212.618

জামিনে মুক্তি পাওয়ার পর শেরপুর জেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল (৭০) কে আবার কারা ফটক থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর জেলা কারাগার থেকে বের হওয়ার সময় সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ অক্টোবর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ চন্দন কুমার পালকে গ্রেপ্তার করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে আরও বেশ কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। নিম্ন আদালত ওই মামলায় জামিন না দিলেও ধীরে ধীরে তিনি হাইকোর্ট থেকে মুক্তির আদেশ পান।
অবশেষে, মঙ্গলবার বিকেলে একটি মামলার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু সন্ধ্যা ৭টার দিকে কারা ফটক থেকে বের হওয়ার সাথে সাথেই তাকে আবার গ্রেপ্তার করা হয়। সেই সময় কারাগারের বাইরে অপেক্ষা করছিলেন তার ছোট ভাই অ্যাডভোকেট শক্তিপদ পাল এবং পরিবারের অন্যান্য সদস্যরা। এ প্রসঙ্গে জেলা ডিবি পরিদর্শক মো. রেজাউল করিম খান বলেন, সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমরা সহযোগিতা করেছি।

Description of image