৯৯৯ নম্বরে ফোন করে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

Untitled design - 2025-08-10T123054.262

গাজীপুরের কাশিমপুরে রাকিব হাসান (২২) নামে এক স্বামী তার স্ত্রীকে বালিশ চেপে হত্যা করার পর ৯৯৯ নম্বরে ফোন করে আত্মসমর্পণ করেছেন। নিহত স্ত্রীর নাম জেমি (১৯)। গ্রেপ্তারকৃত রাকিব (২২) বগুড়া জেলার লতিফপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে। জেমি দিনাজপুরের শেতাবগঞ্জ থানার মিচরি গোলা গ্রামের মৃত জাহিদুল ইসলামের মেয়ে। শুক্রবার (৮ আগস্ট) রাতে কাশিমপুরের চক্রবর্তী এলাকা থেকে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, স্বামী রাকিব হাসান প্রথমে তার স্ত্রী জেমির গায়ে বালিশ চেপে হত্যা করে। পরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি নিজেই জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে রাকিব তার স্ত্রীকে হত্যা করেছে। তিনি আরও বলেন যে, ভুক্তভোগীর পরিবারকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Description of image