ফুটবল ম্যাচ চলাকালীন বজ্রপাতে খেলোয়াড়ের মৃত্যু
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশে একটি ফুটবল ম্যাচে বজ্রপাতে একজন খেলোয়াড় নিহত এবং অন্তত নয়জন আহত হয়েছেন। বুধবার সান্তিফাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত গোলক কাপ আঞ্চলিক টুর্নামেন্টের একটি ম্যাচ চলাকালে এই দুর্ঘটনাটি ঘটে।
থাই গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে গালফ নিউজ জানিয়েছে, ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে প্রবল বৃষ্টি হচ্ছিল। এমন পরিস্থিতিতে হঠাৎ বজ্রপাতে ২৪ বছর বয়সী খেলোয়াড় সাফওয়ান আও ঘটনাস্থলেই মারা যান। বজ্রপাতে আহতদের মধ্যে একজন মালয়েশীয় খেলোয়াড়ও ছিলেন। জানা গেছে, আহতদের অনেকের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। দুর্ঘটনার পরপরই আয়োজকরা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।
উল্লেখ্য, বর্ষাকালে থাইল্যান্ডে বজ্রপাত একটি সাধারণ প্রাকৃতিক দুর্যোগ। তাই, দেশটির সরকার বৃষ্টির সময় অপ্রয়োজনে খোলা জায়গায় না থাকার জন্য জনসাধারণকে নিয়মিত সতর্ক করে।

