‘২০ হাজার টাকা না দিলে লাশ রাস্তায় ফেলে রাখা হবে’
নাটরের লালপুরে হিন্দু সম্প্রদায়ের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে দুষ্কৃতকারীরা একটি চিঠি রেখে গেছে। তারা হুমকি দিয়েছে যে, ২৪ ঘণ্টার মধ্যে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ না করা হলে পরিবারের সদস্যদের লাশ রাস্তায় ফেলে রাখা হবে।
গতকাল শনিবার (১ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের বাকনাই এলাকার পালপাড়া গ্রামের নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা চিঠিটি রেখে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর হিন্দু গ্রামটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, দুষ্কৃতকারীরা বাকনাইয়ের পালপাড়া গ্রামের বাসিন্দা বৈদ্যনাথ পালের ছেলে নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় চিঠিটি রেখে যায়। রাতে নারায়ণের ছেলে অরুণ কুমার পাল প্রথম চিঠিটি দেখতে পান। পরে তিনি পরিবারের সদস্য ও স্থানীয়দের খবর দেন।
চিঠিতে বলা হয়েছে, বিষয়টি কারও কাছে প্রকাশ করা যাবে না। পালপাড়ার সব হিন্দু পরিবারকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠাতে হবে। টাকা না দিলে ২৪ ঘণ্টার মধ্যে পুরো পরিবারকে হত্যা করা হবে। চিঠিতে একটি বিকাশ নম্বর উল্লেখ করা হয়েছে। একই সাথে, চিঠিটি একটি পরিবারের কাছে পৌঁছানোর পর, তা অন্য হিন্দু পরিবারগুলিতেও পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে ‘সেভেনস্টার অথরিটি’র নাম উল্লেখ করা হয়েছে।
এই ঘটনার পর থেকে পালপাড়ার হিন্দু পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। ভুক্তভোগী অরুণ কুমার পাল বলেন, চিঠি পাওয়ার পর আমি স্থানীয়দের এবং থানায় খবর দিয়েছি। এই ঘটনার পর থেকে আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।
লালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পালপাড়ার ইউপি সদস্য রেজাউল ইসলাম এ বিষয়ে মন্তব্য করতে চাননি। লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে লালপুর থানা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ চিঠিটি জব্দ করেছে এবং এর উৎস ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে।

