নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় ৩০ জন নিহত

Untitled design (8)

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ৩০ জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। হামলাটি গতকাল সোমবার (২৭ জুলাই) গভীর রাতে ঘটে। স্থানীয় বাসিন্দারা আন্তর্জাতিক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
গ্রাম প্রধানের সচিব ডোগন রানা বলেছেন, বন্দুকধারীরা নারিডন গ্রামে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায় এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিহতদের মধ্যে আটজন শিশু ছিল।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্য অঞ্চলের বিভিন্ন অংশে সশস্ত্র গোষ্ঠী এবং অন্যান্য অপরাধী চক্রের সহিংসতা দীর্ঘদিন ধরে একটি বড় নিরাপত্তা সংকট তৈরি করেছে। স্থানীয় শহরগুলো প্রায়শই এই গোষ্ঠীগুলোর মারাত্মক হামলার লক্ষ্যবস্তু হয়। অন্যদিকে, দেশের উত্তর-পূর্বে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এবং এর বিচ্ছিন্ন গোষ্ঠী আইএসডব্লিউএপি-এর সশস্ত্র কার্যকলাপ অব্যাহত রয়েছে। তবে, এখন পর্যন্ত কাদুনা রাজ্যের এই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
স্থানীয় যুবনেতা ইশায়া দাওয়া বলেছেন, হামলাকারীরা মধ্যরাতের কিছুক্ষণ আগে কাদুনা রাজ্যের কাওরু স্থানীয় সরকার এলাকার নারিডন গ্রামে প্রবেশ করে এবং বাসিন্দাদের ওপর গুলি চালায়। তিনি বলেন, কয়েকজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং অনেক মৃতদেহ ইতোমধ্যে মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
দাওয়া বলেন, নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরাও ছিলেন। পালিয়ে যাওয়ার আগে হামলাকারীরা বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তিনি আরও বলেন, হামলার পরদিন সকালে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। কাদুনা রাজ্য পুলিশের মুখপাত্র মনসুর হাসান বলেছেন, এই ঘটনার বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে।

Description of image

সূত্র: রয়টার্স