শাহজালাল থেকে নিখোঁজ শিশুকে উদ্ধার করে আত্মীয়দের কাছে হস্তান্তর করল আনসার
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিখোঁজ হওয়া ছয় বছর বয়সী এক শিশুকে তার পরিচয় যাচাই করে নিরাপদে আত্মীয়দের কাছে হস্তান্তর করেছে। কর্তব্যরত আনসার সদস্যদের সতর্কতা, মানবিকতা ও দ্রুত পদক্ষেপের কারণে অল্প সময়ের মধ্যেই শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (জনসংযোগ) মো. আশিকুজ্জামান আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল আনুমানিক ৯টা ২৫ মিনিটে কর্তব্যরত আনসার সদস্য মো. মিজানুর রহমান বিমানবন্দরের বহুতল গাড়ি পার্কিং এলাকায় ইতালীয় প্রবাসী মোহাম্মদ আজিজুল ইসলামের ছয় বছর বয়সী ছেলে মো. আবদুল্লাহ মাতাব্বরকে অভিভাবকহীন অবস্থায় কাঁদতে দেখেন।
শিশুটির নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি তাৎক্ষণিকভাবে তাকে নিজের হেফাজতে নেন। পরে, বিষয়টি শিফট-ইন-চার্জ পিসি মো. নিজাম উদ্দিনকে জানানো হলে, তিনি শিশুটির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে এসে বিমানবন্দরের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেন। একই সময়ে, মাইকিংয়ের মাধ্যমে শিশুটির আত্মীয়দের খোঁজ করা হয়।
এক পর্যায়ে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকা থেকে শিশুটির মামা মো. সুমন মাতাব্বরকে শনাক্ত করা হয়। পরে, শিশুটিকে ডিএসও অফিসে নিয়ে যাওয়া হয় এবং যথাযথ পরিচয় যাচাইয়ের পর কর্তৃপক্ষের উপস্থিতিতে তাকে নিরাপদে তার মামার কাছে হস্তান্তর করা হয়। শিশুটিকে ফেরত পাওয়ার পর তার আত্মীয়রা আনসার সদস্যদের ধন্যবাদ জানান।

