যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

Untitled design - 2026-07-27T162956.121

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুর শহরের টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, “রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। দলের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।” স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন নির্ধারণ করবে। এ বছরের শেষের মধ্যে না হলে আগামী বছরের শুরুতেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্ত্রী আরও বলেন, সরকার কৃষি উন্নয়নের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করেছে। এছাড়াও, প্রধানমন্ত্রী রংপুর অঞ্চলে কৃষি উন্নয়নের জন্য সর্বোচ্চ বরাদ্দ ঘোষণা করেছেন। কৃষিকে লাভজনক করতে সব প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
মির্জা ফখরুল বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে বলেন, “জনগণের ভালোবাসা ও ভোটে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আমরা সরকার গঠন করেছি। বিএনপি একবার নয়, পাঁচবার সরকার চালানোর দায়িত্ব পালন করেছে। এই সরকার কৃষকবান্ধব ও জনগণের সরকার। যারা বিএনপিকে ফ্যাসিস্ট বলে, তাদের জ্ঞানের অভাব অথবা তাদের মানসিকতাই সেভাবে গড়ে উঠেছে।” এর আগে সকালে তিনি বিআরডিবি বিভাগীয় কার্যালয় উদ্বোধন করেন। পরে তিনি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত পল্লী মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়া তিনি শিল্পকলা একাডেমিতে সংশ্লিষ্ট সমিতির সঙ্গে একটি মতবিনিময় সভায় যোগ দেন। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম (এনডিসি), রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি নেতা-কর্মীরাও সে সময় উপস্থিত ছিলেন।

Description of image