লাইভ স্ট্রিমে বিষাক্ত ট্যাবলেট খেয়ে ইউপি সদস্যের আত্মহত্যা

Untitled design (87)

ঠাকুরগাঁওয়ের রানিশঙ্কাইল উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে বিষাক্ত ট্যাবলেট খেয়ে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (২৬ জুলাই) রাত প্রায় সাড়ে ১২টায়, উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামে। মৃত তুলা রায় (৩৪) ওই গ্রামের ভবেশ চন্দ্র ওরফে দুমাসু রায়ের ছেলে। তিনি বাচোর ইউনিয়নের ১ নম্বর ভাংবাড়ি ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় তুলা রায় তাঁর বাড়ির একটি ঘরে একা ছিলেন। রাত প্রায় সাড়ে ১২টার দিকে তিনি হঠাৎ তাঁর মোবাইল ফোনে ফেসবুকে লাইভে আসেন এবং তাঁর ব্যক্তিগত জীবনের নানা হতাশা প্রকাশ করেন। এক পর্যায়ে লাইভ স্ট্রিম চলাকালীন তিনি বিষাক্ত ট্যাবলেট খেয়ে ফেলেন।
বিষয়টি জানতে পেরে তাঁর পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। পরিবারের সদস্যদের প্রাথমিক ধারণা অনুযায়ী, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের মতবিরোধ, পারিবারিক কলহ ও মানসিক অবসাদের কারণে তিনি এই পথ বেছে নিয়েছেন।
এ প্রসঙ্গে রানিশাঙ্কাইল থানার ওসি আমানুল্লাহ আল বারি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি আকস্মিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

Description of image