রাজবাড়ীতে চতুর্মুখী সংঘর্ষে দুইজন নিহত, ৬ জন আহত

Untitled design - 2026-07-27T120504.913

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে একটি মালবাহী ট্রেন ও একটি যাত্রীবাহী বাস, একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং একটি মাহিন্দ্রা গাড়ির মধ্যে চতুর্মুখী সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে গতকাল রবিবার (২৬ জুলাই) রাত ৯টার দিকে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর ধুলধি বিদ্যুৎ কেন্দ্র থেকে একটি মালবাহী ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। ট্রেনটির প্রথম ইঞ্জিনটি কয়েকটি বগি নিয়ে রাজবাড়ীতে খানখানাপুর রেললাইন অতিক্রম করে। পরে রেললাইনের ব্যারিয়ার তুলে দেওয়া হলে, মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলো হাইওয়েতে থাকা একটি যাত্রীবাহী বাস, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মাহিন্দ্রা গাড়ির সঙ্গে ধাক্কা খায়।
ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে মনোয়ার পাটোয়ারী ও আব্দুল মালেক নামে দুজন হাসপাতালে যাওয়ার পথে মারা যান এবং চিকিৎসাধীন ছিলেন। আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুর রহমান মুরাদ ঘটনাটি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

Description of image