জমি নিয়ে সংঘর্ষে ৪০ জন আহত
নেত্রকোনার মদনে জমি বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ প্রায় ৪০ জন আহত হয়েছেন। ঘটনাটি আজ রবিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামে ঘটে। স্থানীয়রা জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফারুক মিয়া ও বিএনপি নেতা বিল্লাল মিয়ার পরিবারের মধ্যে এই সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে ১১ জনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাদের সবাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহতরা হলেন এমদাদুল (৩৭), সাইফুল ইসলাম (৩০), সজীব মিয়া (২৫), প্রান্ত (৩০), আবুল কাশেম (৩৮), মুনায়েম (৩০), রামিন (১৩), সিফাত (১৫), রোশনারা আক্তার (৩৫), রাকিবা আক্তার (৪০) এবং নুরজাহান (৮০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার সাত্তার মিয়া (৭০) টাকার বিনিময়ে বিএনপি নেতা বিল্লাল মিয়ার (৪৫) কাছ থেকে তার ১৭০ শতাংশ কৃষি জমি বন্ধক রেখেছিলেন। জমিতে ধান লাগানোর জন্য রাস্তা কাটতে গেলে সাত্তার মিয়াকে বাধা দেওয়া হয়।
পরে, একই এলাকার মোজাম্মেল (৫০), ফারুক মেম্বার (৪৫) ও সেলিম উদ্দিন (৬০) সাত্তার মিয়ার ছেলে নুরুল আমিনকে (২৮) মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

