প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে ব্লেড
একটি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রের সরকারি টিফিনের রুটিতে একটি ধারালো ব্লেড পাওয়া গেছে। এই ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (২২ জুলাই) বরিশাল জেলার গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
জানা গেছে, বিদ্যালয়টির প্রথম শ্রেণির এক ছাত্র টিফিন খাওয়ার জন্য রুটি ছিঁড়তে গিয়ে তার ভেতরে একটি ব্লেড দেখতে পায়। বিষয়টি সঙ্গে সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহারকে জানানো হয়।সূত্র আরও জানায়, ছাত্রটি খাওয়ার আগেই রুটির ভেতরে ব্লেডটি পাওয়া যাওয়ায় তার কোনো শারীরিক ক্ষতি হয়নি।
আজ সকালে বিদ্যালয়টির প্রথম শ্রেণির ছাত্র আলমতাজের সঙ্গে কথা বলে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে জানানো হয়েছে। অন্যদিকে, ঘটনার পর অভিভাবকরা শিক্ষার্থীদের দেওয়া টিফিনের মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাটির যথাযথ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং কর্পোরেশনের প্রতিনিধি আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম ফোনে জানান, বৃহস্পতিবার সকালে স্কুলটি পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

