ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো আগ্রহ ইসরায়েলের নেই: স্মোট্রিচ
ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ার কোনো আগ্রহ ইসরায়েলের নেই। কাতার-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা আজ মঙ্গলবার (২১ জুলাই) এই তথ্য জানিয়েছে।
মধ্য ইসরায়েলের ইয়াদ বিনিয়ামিনে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি বলেন, “এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতে যোগ দেওয়ার কোনো আগ্রহ ইসরায়েলের নেই।” স্মোট্রিচ আরও বলেন, “বর্তমান পরিস্থিতি আমাদের অনুকূলে। তাই এতে জড়িয়ে পড়ার কোনো ইচ্ছা আমাদের নেই। তবে, আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।”
তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং একটি সম্ভাব্য আঞ্চলিক সংঘাত নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। তবে, স্মোট্রিচের এই বক্তব্যের বিষয়ে ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

