কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে কুপিয়ে দুইজনকে হত্যা
কুষ্টিয়ার খোখসা উপজেলায় আধিপত্য নিয়ে কুপিয়ে দুই যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (১৭ জুলাই) ভোর ১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবিনগর গ্রামে।
নিহতরা হলেন দেবিনগর গ্রামের চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)।
স্থানীয়রা জানান, গতকাল বিকেলে মিন্টু চৌকিদার ও সেলিম গোষ্ঠীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। রাতে বিবাদের জেরে মিন্টু চৌকিদারের সমর্থকরা দেশীয় অস্ত্র দিয়ে সেলিম হোসেনের বাড়িতে ওঁৎ পেতে হামলা চালায়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত সেলিমের অনুসারী ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
ধারালো অস্ত্রের আঘাতে ফারুক ও আব্দুল শেখ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মুল্লুক মণ্ডলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
এ প্রসঙ্গে খোখশা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, স্থানীয় মিন্টু চৌকিদার ও সেলিম হোসেন গোষ্ঠীর মধ্যে শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় উত্তেজনার কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

