ইরানের গম গুদামে মার্কিন হামলা
যুক্তরাষ্ট্র ইরানের খুজেস্তান প্রদেশে একটি গম গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেহরান দাবি করেছে যে, গুদামটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর দেশটির আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ছোড়া ক্ষেপণাস্ত্রটি মঙ্গলবার রাতে গম গুদামটিতে আঘাত হানে। হামলার পর জরুরি পরিষেবা এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ডেপুটি গভর্নর বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় কেবল কাঠামোগত ক্ষতি হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন এখনও প্রস্তুত করা হচ্ছে।
সাম্প্রতিক সংঘাতে সামরিক স্থাপনা ছাড়াও খাদ্য ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। একটি গম গুদামে হামলার দাবি সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। তবে, ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। ফলে, হামলার স্বরূপ ও এর বিস্তারিত পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

