এইচএসসি পরীক্ষা বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংহতি

Untitled design (77)

অবিরাম বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী এএনএম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই বিক্ষোভে সংহতি প্রকাশ করেছে এবং সকল ইউনিটকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সংগঠনটির অনুসন্ধান কমিটির সদস্য লোকমান হোসেন লিমনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, “সারাদেশে চলমান বন্যা পরিস্থিতি এবং দুর্যোগ-কবলিত এলাকার শিক্ষার্থীদের প্রকৃত সংকটকে উপেক্ষা করে সরকার পরীক্ষা স্থগিত না করায় দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ ও যৌক্তিকভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য এবং সমান সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। বন্যা-বিধ্বস্ত এলাকার অনেক শিক্ষার্থী যাতায়াত সমস্যা, শিক্ষাসামগ্রীর ধ্বংস এবং শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের মতো বাস্তব সমস্যার সম্মুখীন হচ্ছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের শামিল।
আমরা সারা বাংলাদেশ জুড়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের চলমান যুক্তিসঙ্গত আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং তাদের ন্যায্য দাবিকে সমর্থন জানাচ্ছি।
একই সাথে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, থানা ও ইউনিট কমিটির নেতা ও কর্মীদের নিজ নিজ এলাকায় পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচিতে সর্বাত্মক নৈতিক সমর্থন ও সংহতি প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে, আমরা তাদের যেকোনো ধরনের সহিংসতা, ভাঙচুর, জনদুর্ভোগ সৃষ্টি বা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে এমন কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
আমরা শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সমান সুযোগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য এবং সংশ্লিষ্ট পরীক্ষাসহ এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর একটি নতুন সময়সূচি ঘোষণা করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করার জন্য আবারও আহ্বান জানাচ্ছি।

Description of image