ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র জলাবদ্ধতা

Untitled design (11)

কালিয়াকৈর পৌরসভায় একটানা বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও হরিণহাটি এলাকায় হাঁটু সমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কালিয়াকৈরে তীব্র জলাবদ্ধতায় জলমগ্ন মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি, দোকান ও রাস্তায় পানি জমে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়েছে।
আজ রবিবার (১২ জুলাই) সকালে হরিণহাটি, জোড়াপাম্প, বিশ্বাসপাড়া, ভাঙ্গা মসজিদ, খাজার ডেক, আনসার একাডেমি এলাকা, চন্দ্র পল্লী পাওয়ার, শতিনপুর, হাবিবপুর, রূপনগর, কলাবাধা, দৈনকিণী, হরতকিতলা, মাইওয়ান, দিঘিরপার বট্টালা, পূর্ব চন্দ্রসহ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগ পোহাতে দেখা গেছে। কিছু জায়গায় রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর হাঁটু ও কোমর সমান পানিতে ডুবে গেছে।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ন, খাল ও জলাধার ভরাট, পানির স্বাভাবিক প্রবাহপথ সংকীর্ণ হয়ে যাওয়া এবং অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থার কারণে সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিচ্ছে। বিশেষ করে বিশ্বাসপাড়া, হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকায় পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ খালগুলোর মুখ সংকীর্ণ হয়ে যাওয়ায় পানি দ্রুত নিষ্কাশিত হতে পারছে না।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভা প্রশাসক এএইচএম ফখরুল হোসেন জানান, অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে খালগুলোর পানি ধারণক্ষমতা ছাড়িয়ে গেছে। ফলে পানি দ্রুত নিষ্কাশিত হতে পারছে না। এই পরিস্থিতি মোকাবিলায় নালা পরিষ্কার, খাল থেকে প্রতিবন্ধকতা অপসারণ এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে খালগুলো পুনঃখনন এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

Description of image