বাউফলে ইজি বাইকের ধাক্কায় শিক্ষকের মৃত্যু
পটুয়াখালীর বাউফলে ইজি বাইকের ধাক্কায় মো. মুসা (৫০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার নুরাইনপুর অগ্রণী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গতকাল শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সূর্যমণি ইউনিয়নের নুরাইনপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মো. মুসা সূর্যমণি ইউনিয়নের নুরাইনপুর গ্রামের বাসিন্দা ইউনুস মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুসা বাড়ি থেকে ইশার নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন। কালিশুরি-বাফল সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির ইজি বাইক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করেন। সে সময় কর্তব্যরত চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈম সিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, তাকে অত্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু প্রাথমিক চিকিৎসা চলাকালীন তিনি মারা যান।
এ প্রসঙ্গে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে প্রাথমিক প্রমাণ সংগ্রহ করেছে। বিস্তারিত তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

