ডেঙ্গুতে দুজনের মৃত্যু, ১৯০ জন হাসপাতালে ভর্তি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন কেন্দ্র ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৭১ জন ঢাকা বিভাগে, ছয় জন ময়মনসিংহ বিভাগে, ৩৪ জন চট্টগ্রাম বিভাগে, ২২ জন খুলনা বিভাগে, ১২ জন রাজশাহী বিভাগে, ৪৮ জন বরিশাল বিভাগে এবং দুই জন সিলেট বিভাগে রয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৭,০৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে ৬৫৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের ৮ জুলাই পর্যন্ত মোট ৭,৭৪৭ জন ডেঙ্গু রোগী সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গুতে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১,০২,৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১,০১,২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১,৭০৫ জনের মৃত্যু হয়, এবং ডেঙ্গুর কারণে মোট ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হন।

