হুমকি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা হবে না ইরান: আরাঘচি

Untitled design - 2026-07-07T130716.215

ইরান সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্রের হুমকি অব্যাহত থাকলে দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে না। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আলোচনার পরিবেশ তৈরির জন্য প্রথমে ‘হুমকির রাজনীতি’ বন্ধ করতে হবে। আজ মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আরাঘচি বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদ এ বিষয়ে স্পষ্ট।
তিনি লিখেছেন, ‘হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে না।’ একই পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে আরও বলেন, ‘আপনাদের স্বাক্ষরকে সম্মান করুন।’ আরাঘচি দাবি করেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে শেষ শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিল। তার মতে, এই জনসমাবেশ প্রমাণ করে যে ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনী কোনো ধরনের হুমকিকে ভয় পায় না।
তিনি বলেন, “লাখ লাখ ইরানি আমাদের নেতার প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছেন। জনগণ বা ইরানের সশস্ত্র বাহিনী কেউই এই হুমকিতে ভীত নয়।” সাম্প্রতিক সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। আরাঘচির মন্তব্য দুই দেশের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক আলোচনা এবং ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

Description of image

সর্বশেষ সংবাদ