ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করলে ইরানি নেতাদেরও খামেনেইয়ের মতো একই পরিণতি হবে: কাটজ
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের দীর্ঘ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া ও শোকানুষ্ঠান চলাকালে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দেশটির বর্তমান নেতৃত্বকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দাবি করেন, ভবিষ্যতে কোনো ইরানি নেতা যদি ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হন, তবে তাকেও একই পরিণতির সম্মুখীন হতে হবে।
আজ সোমবার (৬ জুলাই) এক বিবৃতিতে ইসরায়েল কাটজ বলেন, “কোনো ইরানি নেতা যদি ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন, তবে তাকে বাধা দেওয়া হবে।” তিনি আরও দাবি করেন যে, ইসরায়েলই আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যা করেছে, যার অন্ত্যেষ্টিক্রিয়া বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে। তার মতে, ইরানে এবং সমগ্র অঞ্চলে ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনাটি খামেনেই শুরু করেছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন।
এছাড়াও, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার কথা উল্লেখ করে কাটজ বলেন যে, এই হামলা ইসরায়েলের মুখোমুখি হওয়া “তাৎক্ষণিক অস্তিত্বের হুমকি” দূর করেছে এবং ইরানের কৌশলগত সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী খামেনেইয়ের জানাজায় অংশ নেওয়া কিছু লোকের ‘ট্রাম্পের মৃত্যু হোক’ স্লোগানেরও সমালোচনা করেছেন। তিনি এই স্লোগানগুলোকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে বলেছেন, এগুলো আয়াতুল্লাহর শাসনের ‘প্রকৃত চরিত্র’ প্রকাশ করে। তবে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

