ট্রলি উল্টে কিশোর চালকের মৃত্যু

Untitled design (10)

ফটিকছড়িতে একটি মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে মিনহাজ (১৩) নামের এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রলিটির সহকারী সাইম (১৪) আহত হয়েছে। দুর্ঘটনাটি গতকাল শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লেলং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নয়াহাট বাজার সংলগ্ন কাশেম চেয়ারম্যানের বাড়ি এলাকায় ঘটে।
নিহত মিনহাজ ওই এলাকার মনসুরের ছেলে। আহত সাইম একই ইউনিয়নের শাহনগর গ্রামের দরগ আলী তালুকদারের বাড়ির ইয়াসিনের ছেলে। জানা গেছে, সন্ধ্যায় মিনহাজ ও সাইম নয়াহাট বাজার থেকে সাজসজ্জার সামগ্রী বোঝাই করে নিকটবর্তী কাশেম চেয়ারম্যানের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা হয়।
যাওয়ার পথে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে উল্টে যায়। এতে দুই কিশোরই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন। আহত সাইমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
ইউপি সদস্য রুমা আক্তার ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিয়ের অনুষ্ঠানে সাজসজ্জার সামগ্রী নিয়ে যাওয়ার সময় কিশোর চালক ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

Description of image