ভোলায় ট্রলির ধাক্কায় ছাত্রীর মৃত্যু, কাঁধে লাশ নিয়ে প্রতিবাদ
ভোলার চর ফ্যাশন উপজেলার একটি মাদ্রাসায় পরীক্ষা দিতে আসার পথে মালবাহী ট্রলির ধাক্কায় লিয়া আক্তার নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১ জুলাই) সকালে চর ফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকার হাজারিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার-শশীভূষণ সড়কে। লিয়া আক্তার উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের মো. শফিকুল ইসলামের মেয়ে এবং স্থানীয় চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, লিয়া আজ সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসার পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়। পরে জলিল মাঝির বাড়ির সামনে একটি দ্রুতগামী মালবাহী ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই লিয়ার মৃত্যু হয়। পরে, তার সহপাঠীরা লিয়ার মরদেহ কাঁধে তুলে নিয়ে তাকে হত্যাকারী ট্রলি চালকের বিচারের দাবিতে বিক্ষোভ করে।
এ প্রসঙ্গে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ট্রলি চালক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাণঘাতী ট্রলিটি জব্দ করা হয়েছে।

