সীমান্ত অভিযানে পাকিস্তানি বাহিনীর ২৯ জন নিহত

Untitled design - 2026-06-29T113703.191

পাকিস্তানি নিরাপত্তা বাহিনী পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় একটি স্থল অভিযান চালিয়েছে। এরপর জঙ্গিদের একটি আস্তানায় ‘পরিকল্পিত ও লক্ষ্যবস্তুভিত্তিক’ হামলা চালানো হয়। এতে ২৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গতকাল রবিবার (২৮ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। এপি এ খবর জানিয়েছে। তিনি বলেন, দেশজুড়ে একাধিক সন্ত্রাসী হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। এ বিষয়ে আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। দেশটির কর্তৃপক্ষ দাবি করে যে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত পাকিস্তানি তালেবান এইসব সহিংস ঘটনার বেশিরভাগের জন্য দায়ী।
এর আগের দিন, বন্দুক ও বিস্ফোরক সজ্জিত সন্ত্রাসীরা দক্ষিণের বন্দর নগরী করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদর দফতরে হামলা চালায়। এতে তিন রেঞ্জার্স সদস্য নিহত হন। নিরাপত্তা বাহিনী তিন হামলাকারীকে হত্যা করেছে এবং আহত আরেকজনকে গ্রেপ্তার করেছে। সেনাবাহিনী জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিটি আফগান নাগরিক। শনিবার (২৭ জুন) রাতে জারি করা এক বিবৃতিতে পাকিস্তানি তালেবানের একটি বিচ্ছিন্ন গোষ্ঠী জামাত-উল-আহরার করাচি হামলার দায় স্বীকার করেছে।
তথ্যমন্ত্রী তারার বলেছেন, আফগান সীমান্ত এলাকায় পাকিস্তানের সর্বশেষ অভিযানটি পাকিস্তানি তালেবানের গোপন আস্তানাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। যদিও পাকিস্তানি তালেবান আফগানিস্তানের শাসক আফগান তালেবান থেকে আলাদা, উভয় পক্ষই মিত্র হিসেবে পরিচিত।

Description of image

সর্বশেষ সংবাদ