সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন শিক্ষার্থীরা

Untitled design - 2026-06-28T180257.653

সংসদ অধিবেশন দেখতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। আজ রবিবার (২৮ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন পর্যবেক্ষণে আসা কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংগঠন ‘সুরভী’-র ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন প্রতিনিধি এই মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে এবং তাদের নিজেদেরকে যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।
প্রধানমন্ত্রীর আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় ছাত্রছাত্রী ও শিক্ষকেরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এই দিনে, সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে ছাত্রছাত্রীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে, সংসদ গ্রন্থাগার পরিদর্শন করে, উত্তর চত্বরে ছবি তোলার সুযোগ পায় এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করে।

Description of image