লিবিয়ায় আটক ১৭২ জন বাংলাদেশি দেশে ফিরলেন

Untitled design - 2026-06-25T181414.949

লিবিয়ার বেনগাজির গানফুদা আটক কেন্দ্রে আটক ১৭২ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৫টা ১৮ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়।
জানা গেছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার লক্ষ্যে মানব পাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে অনেককে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে প্রত্যাবাসিত বাংলাদেশিদের স্বাগত জানান।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মর্মান্তিক অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতে অনুরোধ করেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রত্যাবাসিত প্রত্যেক ব্যক্তিকে যাতায়াত খরচ, কিছু খাবার, প্রাথমিক চিকিৎসা এবং অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে।
জানানো হয়েছে যে, লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করবে।

Description of image