প্রধানমন্ত্রীর চীন সফর

Untitled design - 2026-06-11T172602.289

প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসের শেষ সপ্তাহে রাষ্ট্রীয় সফরে চীন যাবেন। চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত ৭ম চীন-দক্ষিণ এশিয়া সহযোগিতা ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য জানান।
উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসের শেষ সপ্তাহে রাষ্ট্রীয় সফরে চীন যাবেন। গতকাল বুধবার (১০ জুন) কুনমিং-এ অনুষ্ঠিত ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ইউনান প্রদেশের গভর্নর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক বিশেষ দূত জিয়াও কিয়ান, নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানা মাগার, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লাহ খাদির, শ্রীলঙ্কার পররাষ্ট্র প্রতিমন্ত্রী অরুণ হেমচন্দ্র, চীনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খলিলুর রহমান হাশমি, সার্ক মহাসচিব গোলাম সারওয়ার এবং ভুটানের সাবেক শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী কর্মা দোরজি, সেইসাথে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ।
তাঁর ভাষণে কায়সার কামাল বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ওপর জোর দেন। তিনি বলেন, পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং উন্নয়ন অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক ক্রমাগত শক্তিশালী হচ্ছে। অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা এবং বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সহযোগিতা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি এসব খাতে আরও বিনিয়োগ ও সহযোগিতার আহ্বান জানান। তিনি আরও বলেন, চীন বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ এবং সবচেয়ে নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার। উভয় দেশের নেতৃত্ব দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতাকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় তিনি উপস্থিত প্রতিনিধিদের জানান যে, বাংলাদেশ ও চীনের বহুমাত্রিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসের শেষ সপ্তাহে রাষ্ট্রীয় সফরে চীন যাবেন। তিনি আরও আশা প্রকাশ করেন যে, এই সফর দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে। ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এমপি, বিএনপি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য জেসমিন সুলতানা জুই।

Description of image