বালুবোঝাই ট্রাকের ধাক্কায় ধোবাউড়ায় বেইলি ব্রিজ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

Untitled design (16)

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কাংস নদীর ওপর নির্মিত একটি বেইলি ব্রিজ বালুবোঝাই ট্রাকসহ ধসে পড়েছে। এতে আঞ্চলিক সড়কটিতে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্ঘটনাটি ঘটে আজ রবিবার (৭ জুন) সকালে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোয়াতলা এলাকায় কাংস নদীর ওপর বেইলি ব্রিজ পার হওয়ার সময় একটি বালুবোঝাই ট্রাক অতিরিক্ত ওজনের কারণে ব্রিজটি ধসে নদীতে পড়ে যায়। এ সময় ট্রাকের হেলপার আহত হলেও প্রাণে বেঁচে যান।
ব্রিজটি ধসে পড়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং স্থানীয়দের দুর্ভোগ আরও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও নতুন ব্রিজ নির্মাণ বা মেরামতের জন্য কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
উপজেলা প্রকৌশলী ইন্দু ভূষণ বিশ্বাস জানান, ব্রিজটি অনেক পুরোনো। ভারী যানবাহন চলাচলের কারণে এটি ধসে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন জানান, বালুবোঝাই একটি ট্রাকের চাপে সেতুটি ধসে নদীতে পড়ে যাওয়ায় সড়কটি বর্তমানে বন্ধ রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে তারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলীর সঙ্গে কথা বলেছেন। আশা করা হচ্ছে, দ্রুত সেতুটি মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

Description of image