নড়াইলে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

Untitled design (4)

নড়াইলের লোহাগড়া উপজেলায় পৃথক দুটি বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার শালনগর ও নওয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শালনগর গ্রামের মতি খানের ছেলে তিতুল খান (৫০) এবং নলদী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বিল্লাল মোল্লার ছেলে বাবুল মোল্যা (৪২)।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শালনগরের বাসিন্দা তিতুল খান গতকাল বিকেল ৩টার দিকে তার গরুগুলোকে পানি খাওয়াতে বাড়ি থেকে মধুমতি নদীর তীরে যান। সে সময় বজ্রপাতসহ প্রবল বৃষ্টি শুরু হয়। বিকেল ৫টার দিকে স্থানীয়রা তিতুল খানকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তার শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছিল এবং কান দিয়ে রক্ত ঝরছিল। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা বাবুল বিকেল ৪টার দিকে ইছামতি বিলে মাছ ধরতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, বিকেলের দিকে বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে, রাত সাড়ে ৭টার দিকে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Description of image