চুরির সন্দেহে গোপালগঞ্জে রিকশাচালককে পিটিয়ে হত্যা

Untitled design (23)

রিকশা চুরির সন্দেহে গোপালগঞ্জ জেলা শহরের মধ্য মিয়াপাড়ায় আল আমিন শেখ (২৫) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার (২০ মে) রাতে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত রিকশাচালক আল আমিন শেখ শহরের মধ্য মিয়াপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন শরীফ লিটন রোডে ডা. এম. ডি. রবিউল ইসলাম তুহিনের বাড়ির তত্ত্বাবধায়ক কামরুল ঠাকুরের গ্যারেজ থেকে ভাড়ায় একটি ব্যাটারিচালিত রিকশা চালাতেন। দুদিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হয়ে যায়। এই ঘটনায়, চোর সন্দেহে কামরুল ও তার সহযোগীরা আল আমিনকে বাড়ির ভেতরে আটকে রেখে বারবার মারধর করে।
এদিকে, ছেলে নিখোঁজ হওয়ায় গতকাল রাতে আল আমিনের মা অভিযুক্ত কামরুলের বাড়িতে যান। অনেক চিৎকার-চেঁচামেচির পর তিনি বাড়িতে প্রবেশ করেন এবং বাথরুমে আল আমিনকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে পুলিশকে খবর দেন। পরে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, যেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত তত্ত্বাবধায়ক কামরুল ঠাকুর পলাতক রয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাটি নিশ্চিত করে বলেন, চুরির অভিযোগে এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃতের শরীরে একাধিক মারধরের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করতে একাধিক পুলিশ দল অভিযান শুরু করেছে।

Description of image