ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, ১ জন গ্রেপ্তার

Untitled design (21)

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে থাই পতাকাবাহী জাহাজ ‘এমভি কেপিপি-০১’-এ ছুরিকাঘাতে এক থাই নাবিকের মৃত্যুর ঘটনায় তুরাকার্ন বুরুসি নামে আরও একজন থাই নাবিক গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৯ মে) রাতে জাহাজটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের চৌধুরী বাংলানিউজকে জানান, বুধবার (২০ মে) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে অভিযুক্ত তুরাকার্ন বুরুসিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। নিহত থাই নাবিকের নাম রাফিফং ক্লাহান (৩০)। তিনি জাহাজটিতে অয়লার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রমতে, সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ভাঙার জন্য আনা একটি জাহাজে দায়িত্ব নিয়ে দুই থাই নাবিকের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
এক পর্যায়ে বিবাদটি সংঘর্ষে রূপ নেয়। সেই সময় রান্নার কাজে ব্যবহৃত একটি ছুরির আঘাতে রাফিফং ক্লাহান গুরুতর আহত হন। পরে জাহাজের স্থানীয় এজেন্ট তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওসি জুবায়ের চৌধুরী জানান, থাই নাবিকের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার রাতে আরেক থাই নাবিক তুরাকার্ন বুরুসিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ময়নাতদন্তের পর মরদেহটি ফ্রিজারে রাখা হয়েছে।

Description of image