আগুনে সর্বস্ব হারালেন ব্যবসায়ীরা, পুড়ে গেল নগদ টাকাও

Untitled design - 2026-05-19T172025.419

রাজধানীর বিজয় সরণি মোড়ের কালমিলতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান ভস্মীভূত হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন চরম দুর্দশার মধ্যে রয়েছেন। ক্ষতিগ্রস্তরা জানান, নগদ টাকার পাশাপাশি দোকানের মালামালও পুড়ে যাওয়ায় অনেকেই কার্যত নিঃস্ব হয়ে পড়েছেন। আজ মঙ্গলবার (১৯ মে) ভোরে আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে ততক্ষণে বাজারের নিচতলার বেশিরভাগ দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাস্থল থেকে দেখা যাচ্ছে, বাজারের ভেতরে শুধু পোড়া কাঠ, ভাঙা টিন ও ধ্বংসাবশেষ পড়ে আছে। শেষ সম্বলটুকু হারিয়ে কয়েকজন দোকান মালিক কান্নায় ভেঙে পড়েন। কালমিলতা বাজারের ৯৯, ১০০ ও ১০১ নম্বর মাংসের দোকানের মালিক মো. মেহেদী হাসান (রনি) বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম। আমার মনে হয় শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। দমকল বাহিনীকে দ্রুত খবর দেওয়া হলেও তাদের আসতে প্রায় ৪০ মিনিট সময় লেগেছে। তারা আরও দ্রুত পৌঁছালে অনেক দোকান বাঁচানো যেত।
তিনি আরও বলেন, কিছু মালামাল দ্রুত উদ্ধার করা গেলেও বেশিরভাগ দোকান বাঁচানো যায়নি। একই মার্কেটের ৪৪ ও ৩৫ নম্বর কাঁচামালের দোকানের মালিকের ভাগ্নে মো. সবুজ বলেন, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে আমি কিছুই উদ্ধার করতে পারিনি। আমার নগদ ৮০ হাজার টাকা ও প্রায় এক লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
আরেক ব্যবসায়ী মোহাম্মদ রিয়াজুল হক বলেন, সবকিছু শেষ। আগুনে তার দোকানের প্রায় ২৫ হাজার টাকাও পুড়ে গেছে। ঈদ আসছে, এখন কী করব বুঝতে পারছি না। সরকার পাশে দাঁড়ালে কিছুটা স্বস্তি পাব। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগে এবং ফায়ার সার্ভিস ভোর ৫টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Description of image