চাঁপাইনবাবগঞ্জের ছাত্রীর বাড়ি থেকে বস্তায় মোড়ানো গৃহশিক্ষিকার মরদেহ উদ্ধার

Untitled design - 2026-05-19T172700.919

পুলিশ চাঁপাইনবাবগঞ্জ থেকে মরিয়ম বেগম (৫০) নামের এক গৃহশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নমোশঙ্করবাটি চৌকাপাড়ায় এক ছাত্রীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক দম্পতি এবং এক স্বর্ণকারকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মরিয়ম বেগম (৫০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নমোশঙ্করবাটি উজ্জ্বলপাড়ার আবুল কালামের স্ত্রী। তিনি প্রাইভেট টিউশন পড়িয়ে সংসার চালাতেন।
স্থানীয়রা জানান, মরিয়ম বেগম গতকাল সোমবার (১৮ মে) সকালে রুবেল নামের এক ব্যক্তির মেয়েকে প্রাইভেট টিউশন পড়াতে তাদের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সারাদিন কেটে গেলেও তিনি বাড়ি ফেরেননি। তার ফোনও বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা প্রথমে আত্মীয়দের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেন। কোথাও তাঁকে খুঁজে না পেয়ে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়। আজ সকালে জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ রুবেলের বাড়ি থেকে বস্তায় মোড়ানো মরিয়ম বেগমের মরদেহ উদ্ধার করে।
এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বস্তায় মোড়ানো মরদেহটি উদ্ধার করে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল। শিক্ষিকার একটি কানের দুলও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক রুবেল, তাঁর স্ত্রী সুমি এবং স্বর্ণকার দীপককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।

Description of image