বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত

Untitled design (95)

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে আজ সোমবার (১৮ মে) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে। নিহতরা হলেন লক্ষ্মীপুর গ্রামের ইয়াসিন আলী (৩২) এবং একই গ্রামের মালিকের ছেলে সুমন মিয়া।
তারা চাচাতো ভাই। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াসিন আলী ও তার চাচা রেজাউলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আজ সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এক পর্যায়ে রেজাউলের ছেলে রাহাত ধারালো ছুরি দিয়ে ইয়াসিন আলীকে আক্রমণ করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করা হলেও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে, সংঘর্ষে আহত সুমন মিয়াকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। শিবগঞ্জ থানার ওসি সাইনুজ্জামান জানান, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

Description of image