অপহরণকারীর হামলায় নায়িকার কান ছিঁড়ে গেল, ৭টি সেলাই লাগল

Untitled design (96)

একসময়ের রুপালি পর্দার নায়িকা রঞ্জিতা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) থেকে ফেরার পথে অপহরণকারীর আক্রমণের শিকার হন। সে সময় তারা তার কানের দুল ধরে টান দেয়। ফলে তার কান ছিঁড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার সাতটি সেলাই লাগে। গতকাল রবিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে রামপুরা বাজার এলাকায় বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে।
এক ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, “শিল্পী সমিতির নির্বাচন আমাদের জন্য সবসময়ই উৎসবের মতো। আমি তা দেখতে এফডিসিতে গিয়েছিলাম। রাতে বাড়ি ফেরার পথে হঠাৎ কেউ আমাকে অনুসরণ করে। আমি খুব ভয় পেয়ে যাই। কিছু বুঝে ওঠার আগেই তারা আমার কানের দুল ধরে টান দেয়। পরে দেখি রক্ত বেরোচ্ছে, আমার কান ছিঁড়ে গেছে।”
ঘটনার পর তিনি ভয়ে বাকরুদ্ধ হয়ে যান। পরে আশেপাশের লোকজনের সাহায্যে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি রামপুরার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা গেছে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
উল্লেখ্য, আশির দশকের শেষের দিকে রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে রঞ্জিতা বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। প্রথম সিনেমাতেই তিনি দর্শকদের নজর কাড়েন। পরবর্তীতে তিনি ‘রাজা মিস্ট্রি’ ও ‘জিনের বাদশাহ’ সহ প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেছেন। ২০০৫ সাল থেকে তাঁকে আর সিনেমায় দেখা যায়নি। এদিকে, অভিনেত্রী বর্তমানে ঢাকার বনশ্রী এলাকায় বসবাস করছেন। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর শারীরিক প্রতিবন্ধী ভাই এবং একমাত্র সন্তান।

Description of image