৩ লক্ষ কোটি টাকার এডিপি অনুমোদন

Untitled design (89)

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৩ লক্ষ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ১ লক্ষ ৯০ হাজার কোটি টাকা এবং প্রকল্প ঋণ ও অনুদান থাকবে ১ লক্ষ ১০ কোটি টাকা।
আজ সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশন অডিটোরিয়ামে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এডিপি অনুমোদনের বিষয়টি জানান। তিনি বলেন, “আজকের বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। দীর্ঘ সময় পর নির্বাচিত সরকার বাজেট পেশ করতে যাচ্ছে। এটি গত নির্বাচনের ইশতেহারের প্রতিফলন, এটি ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধির পথে যাত্রা। এটি একটি ৫ বছরের কাঠামো।”
তিনি আরও বলেন যে, আসন্ন অর্থবছরের জন্য প্রস্তাবিত এডিপি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় একটি নতুন রূপকল্পের প্রতিফলন। জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) উপস্থাপিত এডিপিতে শুধু অবকাঠামো উন্নয়নের রূপরেখাই নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি পূর্ণাঙ্গ রূপরেখাও রয়েছে। ‘সংস্কার ও উন্নয়নের জন্য পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো’-র আলোকে এডিপিকে পাঁচটি প্রধান স্তম্ভে সংগঠিত করা হয়েছে।
প্রস্তাবিত এডিপির মোট আয়তন প্রায় ৩ লক্ষ কোটি টাকা ধরা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়ন ১ লক্ষ ৯০ হাজার কোটি টাকা এবং প্রকল্প ঋণ ও অনুদান ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের তুলনায় এটি একটি বৃহৎ উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। তিনি আরও বলেন, ‘আমরা প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা নির্ধারণ করেছি। আমরা সব প্রকল্প পর্যালোচনা করছি এবং আরও পর্যালোচনা চালিয়ে যাচ্ছি।’ তবে নতুন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। সময় বাড়ানোর কোনো সুযোগ নেই, তিনি যোগ করেন।

Description of image