ক্রেতা সেজে পাঁচজনকে ৬৮ রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করেছে র‌্যাব

Untitled design (21)

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি পরিকল্পিত অভিযানে ক্রেতা সেজে পাঁচজনকে ৬৮ রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করেছে। র‌্যাব জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দক্ষিণ পরগেন্দারিয়া এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলমগীর হোসেন ওরফে সালাউদ্দিন (৫০), মো. সজীব (২৭), আশা আক্তার ঝর্ণা (২০), মো. অপু বেপরী ওরফে কুরবান (২৪) এবং মো. খোকন (৫৬)। তাদের মধ্যে চারজন দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার এবং অন্যজন মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও এলাকার বাসিন্দা। অভিযান চলাকালে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া), এএসপি আনোয়ার হোসেন জানান, জব্দ করা গুলিগুলো পিস্তল ও রিভলভারের ছিল। সেগুলো বিক্রির জন্য আনা হয়েছিল। আটককৃতরা ভারতসহ বিভিন্ন জায়গা থেকে গুলি সংগ্রহ করে খুচরা বাজারে বিক্রি করত। তিনি আরও বলেন, র‌্যাবের সদস্যরা ক্রেতা সেজে তাদের কাছে যেত। ৫ রাউন্ড গুলির দাম ১২ হাজার টাকায় চূড়ান্ত হয়। পরে একটি পরিকল্পিত অভিযানে দলটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।

Description of image