অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

Untitled design (2)

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদকে জানিয়েছেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি। আজ বুধবার (২২ এপ্রিল) সংসদ অধিবেশনে গাজীপুর-৪ আসনের সাংসদ সালাহউদ্দিন আহমেদের একটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘হামে অনেক শিশুর মৃত্যু হয়েছে। তবে, আমরা ভবিষ্যতে পুরো পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি।’ তারেক রহমান বলেন, ‘আমরা সব রাজনৈতিক দল মিলে এই দেশ থেকে একটি স্বৈরাচারী শাসনকে বিতাড়িত করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো, সেই স্বৈরাচারী শাসনের সময় এবং তার চেয়েও দুঃখের বিষয় হলো, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গত কয়েক বছর ধরে শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এ কারণেই স্বাভাবিকভাবেই সমস্যাটি তৈরি হয়। তবে, এ ব্যাপারে ইউনিসেফ খুব দ্রুত বাংলাদেশকে অনেক সাহায্য করেছে। তারা দ্রুত আমাদের কাছে হামের টিকা পাঠিয়েছে।’ এর ফলে আমরা দেশের প্রায় ২ কোটি শিশুকে হামের টিকা দিতে সক্ষম হব। তিনি আরও বলেন, “হাম প্রতিরোধে ব্যবহৃত টেস্ট কিটের ঘাটতি রয়েছে। তবে সরকার এই বিষয়টি নিয়েও কাজ করছে। এই কিটগুলোর অনেকগুলো এসে গেছে। একটি কিট দিয়ে তিনটি পরীক্ষা করা যায়। কিছু কিট বর্তমানে বিমানবন্দরের কাস্টমসে রয়েছে। ইনশাআল্লাহ, আমরা শীঘ্রই সেগুলোর ছাড়পত্রের ব্যবস্থা করব।”

Description of image