পররাষ্ট্রমন্ত্রীর আবারও ইরানের কাছে অনুরোধ

Untitled design (57)

তুরস্কের আন্তালিয়া কূটনীতি ফোরামের পার্শ্ব বৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’-র নিরাপদ চলাচলের জন্য তার অনুরোধ পুনর্ব্যক্ত করেছেন। গত রবিবার (১৯ এপ্রিল) রাতে অনুষ্ঠিত এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজকে যাতায়াতের অনুমতি দেওয়া ছয়টি দেশের তালিকায় অন্তর্ভুক্ত করায় ইরানকে বিশেষ কৃতজ্ঞতা জানান।
জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, অঞ্চলের বর্তমান পরিস্থিতি সত্ত্বেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতা এ বিষয়ে নিয়মিত যোগাযোগ বজায় রাখবেন।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চলমান সংকট সমাধানে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান।
তিনি জোর দিয়ে বলেন, যেকোনো মতপার্থক্য সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই গঠনমূলক পদক্ষেপের প্রশংসা করেছেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে তেহরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে, গত ৫ এপ্রিল ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদীর সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ‘বাংলার জয়যাত্রা’ এবং আরেকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারের নিরাপদ চলাচলে সহযোগিতা চেয়েছেন।

Description of image