শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

Untitled_design_31_1200x630

হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমানের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তাঁর নির্দেশনায় আজ মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাঃ মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সম্পাদক মোক্ষেদুল মোমিন মিঠুনের উপস্থিতিতে একটি প্রতিনিধিদল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যান। তাঁরা মুগ্ধের বাবার সার্বিক চিকিৎসা তদারকি করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমবেদনার বার্তা পৌঁছে দেন।
এ সময় শহীদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন এবং মুগ্ধের বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন। গতকাল সোমবার (৩০ মার্চ), মীর মোস্তাফিজুরের জটিল হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে চিকিৎসকদের একটি অভিজ্ঞ দল এই সার্জারিটি করেন।
বিএনপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শহীদ মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমানের অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার খোঁজখবর নিতে এবং তার পাশে থাকতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে মীর মোস্তাফিজুরের খোঁজ নিতে যাওয়া অন্যদের মধ্যে ছিলেন- সংগঠনের সদস্য মুস্তাকিম বিল্লাহ, ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট ড্যাবের সাধারণ সম্পাদক ডা: আবু হেনা মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক এটিএম নুরুন্নবী শাহ, সহকারী পরিচালক ডা. মেজবাহ উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক মাহবুর রহমান, সহকারী অধ্যাপক ডা. প্রফেসর ডাঃ সাদেকুল ইসলাম, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ডাঃ এম আর হাসান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আজহারুল ইসলাম হামিম, মোঃ আমান উল্লাহ, অপু দেবনাথ প্রমুখ। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শহীদ মীর মুগদে বাবার চিকিৎসা প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে সার্বিক সহযোগিতা করছে সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’।

Description of image