‘বিকল্প উৎস থেকে জ্বালানি আনতে সরকার সফল হবে’
মধ্যপ্রাচ্য ছাড়া অন্য উৎস থেকে জ্বালানি আনতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ব্যাপারে সরকার সফল হবে, বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবাইদ। তিনি আজ, সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। সেসব দেশে বাংলাদেশের মিশনগুলো পুরোদমে কাজ করছে। তিনি বলেন, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, ব্রাজিল, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশের বাজার সম্প্রসারণের কাজ চলছে।
শামা ওবাইদ বলেন, বাণিজ্য সম্প্রসারণের জন্য ওষুধ, পাট ও পাটজাত পণ্য এবং আইটি খাতের পণ্যের রপ্তানি বাজার তৈরি করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এতে দেশের রপ্তানি বাণিজ্য বাড়বে।

